চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে জঙ্গল সলিমপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী মোঃ আবুল কাশেম ওরফে নলা কাশেমকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
বুধবার (২২ এপ্রিল) রাতে পরিচালিত এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মোঃ রাসেল।
তিনি জানান, সীতাকুণ্ড উপজেলার সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে খ্যাত জঙ্গল সলিমপুর এলাকাকে সাধারণ মানুষের বসবাসের উপযোগী করে তোলা হলেও সম্প্রতি নলা কাশেমের নেতৃত্বে একটি সশস্ত্র চক্র সেখানে পুনরায় আধিপত্য বিস্তার ও সন্ত্রাসী কার্যক্রম চালানোর চেষ্টা করেছিল।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীতাকুণ্ড মডেল থানার একটি দল অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, ২২ এপ্রিল রাত ৯টার দিকে একটি সশস্ত্র গোষ্ঠী জঙ্গল সলিমপুর এলাকায় অনুপ্রবেশের চেষ্টা চালায়। এরই প্রেক্ষিতে রাত ৯টা ৪৫ মিনিটে দক্ষিণ সলিমপুর এলাকায় অভিযান শুরু করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা সংঘবদ্ধ আক্রমণের প্রস্তুতি নিলে আভিযানিক দল চারদিক থেকে ঘিরে ফেলে।
এ সময় সাঁড়াশি অভিযানে নলা কাশেমকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তবে তার সহযোগীরা জঙ্গলের সুযোগ নিয়ে পালিয়ে যায়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত নলা কাশেমের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজি, অস্ত্র আইন ও হত্যাসহ মোট ১৫টি মামলা বিচারাধীন রয়েছে। সম্প্রতি জঙ্গল সলিমপুরে এক র্যাব কর্মকর্তা হত্যা মামলাতেও তিনি আসামি।
জেলা পুলিশ জানায়, জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা দমনে তারা আপসহীন। জঙ্গল সলিমপুরকে স্থায়ীভাবে সন্ত্রাসমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।






