কুমিল্লা কোতয়ালী মডেল থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশে পরিচালিত অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে থানাধীন ৫নং পাঁচথুবী ইউনিয়নের বসন্তপুর এলাকায় আলকাছ মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান চালানো হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের মধ্যে মো. সাইদুল ইসলাম (৪০) নামে একজনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। অপর এক সহযোগী পালিয়ে যায়।
গ্রেফতারকৃত সাইদুল ইসলাম বসন্তপুর গ্রামের আলকাছ মিয়ার বাড়ির ভাড়াটিয়া। তার স্থায়ী ঠিকানা নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায়। পুলিশ জানিয়েছে, তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে।
কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ বলেন,এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।






