বৃহস্পতিবার রাতে রাজধানীর শাহবাগ থানায় ঘটে যাওয়া ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যকার সংঘর্ষের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ছাত্রদলের সাম্প্রতিক কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে সংগঠনটিকে সতর্কবার্তা দিয়েছেন।
জাহিদুল ইসলাম অভিযোগ করেন, রাষ্ট্র পরিচালনার বিভিন্ন ব্যর্থতা আড়াল করার কৌশল হিসেবেই ছাত্রদল পরিকল্পিতভাবে দেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। শাহবাগ থানায় ঘটে যাওয়া ঘটনার প্রসঙ্গ টেনে তিনি একে একটি ‘সাজানো নাটক’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, ডাকসুতে নির্বাচিত প্রতিনিধিদের ওপর এভাবে হামলা চালানো অত্যন্ত দুঃখজনক এবং এটি একটি বাজে দৃষ্টান্ত স্থাপন করেছে।
নিজের পোস্টে তিনি ছাত্রদলের বর্তমান কর্মপদ্ধতিকে সাবেক ছাত্রলীগ প্রশাসনের পলিসির সঙ্গে তুলনা করেছেন। জাহিদুল ইসলাম প্রশ্ন রাখেন, ছাত্রলীগ যে পথে চলেছিল, ছাত্রদলও কি সেই একই পথে হাঁটছে? তিনি হুশিয়ারি দিয়ে বলেন, ভুল রাজনীতির চর্চা এবং এই ধরণের কর্মকাণ্ড ছাত্রদলের জন্য ভবিষ্যতে শুভ ফল বয়ে আনবে না।






