ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ হিজবুল্লাহ নেতা নাঈম কাসেমকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে তিনি ‘আগুন নিয়ে খেলছেন’। হিজবুল্লাহর পক্ষ থেকে ইসরাইলের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব নাকচ করে দেওয়ার পর তিনি এই মন্তব্য করেন।
কাটজ লেবানন সরকারকে সতর্ক করে বলেন, তারা যদি হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দেওয়া বন্ধ না করে, তবে পুরো লেবানন ভয়াবহ যুদ্ধের আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে।
জাতিসংঘের এক দূতের সাথে কথা বলার সময় কাটজ এই হুমকি দেন। এর আগে হিজবুল্লাহ নেতা নাঈম কাসেম বলেছিলেন, ইসরাইলের সঙ্গে কোনো আলোচনা করে লেবাননের কোনো লাভ হবে না। তিনি লেবানন সরকারকে আলোচনার পথ ছেড়ে দেওয়ার আহ্বান জানান এবং বলেন, ইসরাইলের সঙ্গে সমঝোতা করা একটি বড় ভুল।
দুই পক্ষের এমন পাল্টাপাল্টি অবস্থানের কারণে লেবানন ও ইসরাইল সীমান্তে এখন যুদ্ধের উত্তেজনা আরও বেড়ে গেছে।
সূত্র: আলজাজিরা।






