নৈশভোজের অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুলি থেকে বেঁচে যাওয়ার পর অনলাইনে ভ্রান্ত তথ্য বা গুজবের বন্যা বয়ে গেছে। নতুন করে এবং ভিত্তিহীনভাবে দাবি করা হচ্ছে, রাজনৈতিক ফায়দা লুটতে ট্রাম্প নিজেই হত্যাচেষ্টার নাটক সাজিয়েছেন।
ওয়াশিংটন হিলটন হোটেলে সাংবাদিকদের নৈশভোজের ওই আয়োজন হয় গত শনিবার। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হোটেলের বলরুমের বাইরে গুলির পরপরই তাদের অনুষ্ঠানের মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়। দুই বছরের ব্যবধানে ট্রাম্পের কোনো অনুষ্ঠানে এটি তৃতীয় দফায় হত্যাচেষ্টার ঘটনা।
ঘটনাটির পর অনলাইনে ট্রাম্পবিরোধী অ্যাকাউন্টগুলো থেকে ছড়ানো বিভিন্ন পোস্ট যাচাই করেছে এএফপি। এতে একটি ভিত্তিহীন ষড়যন্ত্র তত্ত্ব পাওয়া গেছে। যেখানে দাবি করা হচ্ছে, ইরানের সঙ্গে অজনপ্রিয় যুদ্ধসহ নেতিবাচক সংবাদ থেকে দৃষ্টি সরাতে হোয়াইট হাউস এই গুলির ঘটনা সাজিয়েছে।
গুজব পর্যবেক্ষণের সংস্থা নিউজগার্ড জানিয়েছে, গুলির ঘটনার মাত্র দুদিনের মধ্যে ইলন মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্ম এক্সে ছড়ানো বিভিন্ন পোস্ট আট কোটিবার দেখা হয়েছে। যেসব অ্যাকাউন্ট থেকে ষড়যন্ত্র তত্ত্ব ছড়ানো হচ্ছে, সেগুলোতে পেনসিলভানিয়া ও ফ্লোরিডার ঘটনাকেও নাটক বলে দাবি করা হয়েছে।
ওয়াশিংটনে নৈশভোজ অনুষ্ঠানে গুলি চালানোর অভিযোগে আটক ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এ ছাড়া ওই ঘটনার ফলে হোয়াইট হাউসের নিরাপত্তা ব্যবস্থা পুনরায় খতিয়ে দেখা হচ্ছে। গত সোমবার অ্যালেনকে প্রথমবারের মতো ওয়াশিংটনের ফেডারেল আদালতে হাজির করা হয়। আদালতে হাজিরার সময় অ্যালেন নীল রঙের টি-শার্ট ও প্যান্ট পরা ছিলেন। আদালতে আনা-নেওয়ার সময় তার হাত পেছনে হাতকড়া দিয়ে বাঁধা ছিল।
সরকারি কৌঁসুলি জোসেলিন ব্যালান্টাইন আদালতে বলেন, তিনি (অ্যালেন) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছেন। আদালত অ্যালেনকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত রিমান্ডে রাখার আদেশ দিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।
বার্তা বাজার/এমএমএইচ






