ঢাকা   রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রোববার থেকে জেলা প্রশাসক সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৮:২৩ পিএম

রোববার থেকে জেলা প্রশাসক সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রোববার (৩ মে) থেকে ঢাকায় চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই সম্মেলনের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। শনিবার (২ মে) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

নাসিমুল গণি জানান, সম্মেলনে সারাদেশের সকল জেলা প্রশাসকগণ উপস্থিত থাকবেন। ৫৬টি মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রীগণ সম্মেলনে নিজ নিজ মন্ত্রণালয়ের ওপর জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।

মন্ত্রী পরিষদ সচিব বলেন, আগামীকাল থেকে চার দিনব্যাপী ২০২৬ সালের জেলা প্রশাসক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারের নীতি উন্নয়ন কর্মসূচি এবং মাঠ প্রশাসনের জনস্বার্থ সংশ্লিষ্ট প্রস্তাব বিষয়ে আলোচনা, নির্দেশনা গ্রহণ এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য ঐতিহ্যগতভাবে প্রতিবছর জেলা প্রশাসক সম্মেলন আয়োজন করা হয়ে থাকে।

তিনি আরও বলেন, এবারের জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হবে ওসমানী স্মৃতি মিলনায়তনে আগামীকাল ৩ মে সকাল সাড়ে ১০ টায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির বলেন, এবারের সম্মেলনের বিশেষত্ব হচ্ছে, এবার চার দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতবার সম্মেলনটি ছিল তিন দিনের এইবার একদিন যোগ হয়েছে। সম্মেলন চলাকালে কমিশনার এবং জেলা প্রশাসকগণ রাষ্ট্রপতি, স্পিকার এবং প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

তিনি জানান, এবারের জেলা প্রশাসক সম্মেলনে মোট অধিবেশন হবে ৩৪টি। তার মধ্যে কার্য অধিবেশন হবে ৩০ টি এবং অংশগ্রহণকারী মন্ত্রণালয় বা বিভাগের সংখ্যা হচ্ছে ৫৬টি। এবারের সম্মেলনের প্রধান আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে ভূমি ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, ই-গভর্নেন্স, শিক্ষা, স্বাস্থ্য সেবা, পরিবেশ সংরক্ষণ, অবকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিবীক্ষণ।হুমায়ুন কবির আরও বলেন, আমরা মাঠ প্রশাসন থেকে এবার ১ হাজার ৭২৯টি প্রস্তাব পেয়েছি। তার মধ্যে কার্যপত্রে অন্তর্ভুক্ত হয়েছে ৪৯৮টি। সবচেয়ে বেশি প্রস্তাব এসেছে স্বাস্থ্য সেবা বিভাগ সম্পর্কিত। এ বিভাগের জন্য ৪৪টি প্রস্তাব এসেছে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!