জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত সংগঠন হিসেবে দলিত, হরিজন, তফসিলি ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে ‘জাতীয় জনজাতি জোট’–এর আত্মপ্রকাশ করেছে। ডেভিড রাজুকে আহ্বায়ক ও কৈলাশচন্দ্র রবিদাসকে সদস্যসচিব করা হয়েছে।
আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটি যাত্রা শুরু করে।
কমিটিতে আরও রয়েছেন—সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজেন্দ্র কুমার দাস, যুগ্ম আহ্বায়ক মানিক বরাই, সিনিয়র যুগ্ম সদস্যসচিব অরুণা রানী দাস, যুগ্ম সদস্যসচিব নিপু দাস এবং সাংগঠনিক সম্পাদক হৃদয় দাস।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে রাষ্ট্রের সকল ক্ষেত্রে তফসিলি ও দলিত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলেন এনসিপির সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম অঙ্গীকার ছিল—সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠা। স্বাধীনতার পর আমাদের অর্থনীতি বেড়েছে, কাঠামোগত উন্নয়ন হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে আমরা অগ্রসর হয়েছি। কিন্তু দুঃখজনকভাবে, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে অঙ্গীকার ছিল, সেই জায়গায় সবচেয়ে বেশি পিছিয়ে রয়েছে দলিত, হরিজন ও তফসিলি সম্প্রদায়ের মানুষ। তাদের জন্য আলাদা জনগণনা এবং সঠিক তথ্যভিত্তিক নীতি প্রণয়ন জরুরি। পাশাপাশি রাষ্ট্রের সকল ক্ষেত্রে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
আখতার বলেন, আমরা প্রত্যক্ষ করেছি যে এই জনগোষ্ঠীর মানুষ এখনো ন্যূনতম মানবিক মর্যাদাও পান না। গ্রামাঞ্চলে দেখা যায়, যারা পরিচ্ছন্নতার কাজ করেন, তারা কাজ শেষে কোনো হোটেলে ঢুকে খেতে পারেন না; তাদের বাইরে বসে খেতে হয়। যদিও কিছু পরিবর্তন এসেছে, তবুও এই বৈষম্য পুরোপুরি দূর হয়নি।
রংপুর-৪ আসনের এই সংসদ সদস্য বলেন, বাংলাদেশের রাজনীতিতে তফসিলি ও দলিত জনগোষ্ঠীকে অনেক সময় ভোটব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছে, কিন্তু তাদের অধিকার প্রতিষ্ঠা করা হয়নি। অনেক সময় সাম্প্রদায়িক সহিংসতার শিকারও প্রথমে তারাই হন। আমরা চাই এই বৈষম্য থেকে মুক্তি।
অনুষ্ঠানে জনজাতি জোটের সদস্যসহ এনসিপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/এমএমএইচ






