গাজীপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর চেয়ারে বসলেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা সালাহউদ্দিন আইউবী।
রবিবার (৩ মে) সকালে সংসদ সদস্য অফিস পরিদর্শনে যান। এ সময় নির্বাহী প্রকৌশলী আব্দুল মান্নান নিজের অফিশিয়াল চেয়ার ছেড়ে দিয়ে বসতে দেন। এ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে গাজীপুর বারের আইনজীবী আসাদুল্লাহ বাদল বলেন, পদমর্যাদা ও ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী একজন সংসদ সদস্যের পদমর্যাদা অনেক ওপরে হলেও দাপ্তরিক কাজ পরিচালনার ক্ষেত্রে কোনো কর্মকর্তার চেয়ারে বসার অধিকার দেয় না। পরিদর্শনে গেলে বা সভায় সভাপতিত্ব করলে তার জন্য আলাদা সম্মানজনক আসনের ব্যবস্থা করা হয়।
তিনি আরো বলেন, সাধারণভাবে এবং প্রশাসনিক শিষ্টাচার অনুযায়ী, একজন সংসদ সদস্য কোনো সরকারি কর্মকর্তার (যেমন : নির্বাহী প্রকৌশলী) নির্ধারিত দাপ্তরিক চেয়ারে বসতে পারেন না।
এ বিষয়ে প্রকৌশলী আব্দুল মান্নান বলেন, উনি হঠাৎ করেই আমার চেয়ারে বসে পড়েন।
পরে অবশ্য সামনের সোফায় গিয়ে বসেন। এমপি সাহেব আগের দিনই বলেছিলেন তার নির্বাচনী এলাকার এলজিইডির কার্যক্রম সম্পর্কে জানতে অফিসে আসবেন। এ জন্য এলজিইডি অফিসে আসার পর তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী বলেন, এলাকার উন্নয়ন কাজের খোঁজখবর নেওয়ার জন্য এলজিইডি অফিসে গিয়েছিলাম।
নির্বাহী প্রকৌশলীর চেয়ারে বসার বিষয়ে তিনি বলেন, উনারা বসতে দিয়েছেন, পরে আমি সোফায় গিয়ে বসি।






