ঢাকা   শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কৃষকদের আধুনিক যন্ত্রপাতি দিতে সরকার বদ্ধপরিকর: ধর্মমন্ত্রী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ মে ২০২৬, ১২:৪৭ এএম

কৃষকদের আধুনিক যন্ত্রপাতি দিতে সরকার বদ্ধপরিকর: ধর্মমন্ত্রী

কৃষকদের হাতে পর্যায়ক্রমে আধুনিক কৃষি যন্ত্রপাতি তুলে দিতে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

শুক্রবার (৮ মে) সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলা কবি নজরুল মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষক গ্রুপের মাঝে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার কৃষকদের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। কৃষি উৎপাদন বাড়াতে ও কৃষকদের শ্রম কমাতে আধুনিক প্রযুক্তিনির্ভর যন্ত্রপাতি বিতরণ অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, এই সরকার জনগণের সরকার, গরিব মানুষের সরকার। দেশের অসহায় ও নিম্ন আয়ের মানুষের কল্যাণে সরকার সবসময় কাজ করছে।

কুমিল্লা অঞ্চলের টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলার ১৪৭টি কৃষক গ্রুপের মাঝে মোট ১৬৭টি কৃষি যন্ত্র বিতরণ করা হয়। এর মধ্যে ছিল ৯টি বেড প্ল্যান্টার, ১৭টি ধান কর্তন যন্ত্র (রিপার), ৯টি ভুট্টা মাড়াই যন্ত্র, ২০টি ফিতা পাইপ, ২০টি এলএলপি, ২০টি ফুট পাম্প এবং ২০টি ধান মাড়াই যন্ত্র।

অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণচন্দ্র দে’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম সারোয়ার রাব্বি। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) এ কে এম কামরুজ্জামান, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী, বাঙ্গরা বাজার থানার (ওসি) মো. শফিউল আলম এবং উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ।

পরে দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন মালিপাড়ায় নবনির্মিত মসজিদে কোবা মসজিদের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী। সেখানে জুমার নামাজ আদায় শেষে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন তিনি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!