নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিএস রেকর্ডীয় মালিকের ওয়ারিশের নামের মিলকে কেন্দ্র করে জমি আত্মসাৎ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভূমিদস্যু লোকমান ও তার বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কৃষক ও তার পরিবারের সদস্যরা।
রোববার (১০ মে) দুপুরে উপজেলার পূর্বাচলের সমু মার্কেট এলাকায় এক সাংবাদিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কৃষক হানিফা জানান, উপজেলার দাউদপুর ইউনিয়নের টেকদাসেরদিয়া মৌজায় তার পিতা সাহাজদ্দিন এবং দাদা আমির উদ্দিন ওরফে উমর উদ্দিন সিএস রেকর্ডীয় মালিকের ওয়ারিশদের কাছ থেকে ক্রয়সূত্রে ২৬ শতক জমির মালিক হন। পরবর্তীতে এসএ ও আরএস রেকর্ডেও ওই জমির বৈধ মালিকানা তাদের নামে রয়েছে। জমিটির আরএস ১০৬ নম্বর দাগ উল্লেখ করে তিনি দাবি করেন, তারা দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখল করে আসছেন।
তিনি আরও অভিযোগ করেন, টেকদাসেরদিয়ার লোকমানের পিতার নামও আমির উদ্দিন হওয়ায় নামের মিলকে কাজে লাগিয়ে প্রতারণার মাধ্যমে তাদের কৃষিজমি আত্মসাতের চেষ্টা চালানো হচ্ছে। এ লক্ষ্যে লোকমান গং সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে মিথ্যা মোকদ্দমা দায়ের করে প্রকৃত মালিকদের নানাভাবে হয়রানি করছে বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে কৃষক পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।
বার্তা বাজার/এমএমএইচ






