ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) নিপুণ রায় চৌধুরী বলেছেন, ‘জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছাতে প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীদের আরো আন্তরিক হতে হবে। মানুষের সমস্যা দ্রুত সমাধান এবং নাগরিক সেবার মান নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’
সোমবার (১১ মে) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিপুণ রায় চৌধুরী বলেন, ‘সরকারি কর্মকর্তাদের জনগণের কল্যাণে আরো দায়িত্বশীল ও সক্রিয় থাকতে হবে।
জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে না পারলে রাজনৈতিক কর্মকাণ্ডের কোনো মূল্য থাকে না। তাই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যা দ্রুত সমাধানে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
তিনি আরো বলেন, ‘জনগণ এখন শান্তি, নিরাপত্তা ও সুশাসন চায়। একটি জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে হলে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুকের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দরা।





