ঢাকা   বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হানি ট্র্যাপে ব্ল্যাকমেইল, বিএনপি-যুবলীগ নেতাসহ ৩ জন গ্রেপ্তার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৯:২৬ এএম

হানি ট্র্যাপে ব্ল্যাকমেইল, বিএনপি-যুবলীগ নেতাসহ ৩ জন গ্রেপ্তার

পটুয়াখালীতে হানি ট্র্যাপের মাধ্যমে আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা ও যুবলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ।

মঙ্গলবার (১২ মে) রাত থেকে বুধবার (১৩ মে) রাত পর্যন্ত পটুয়াখালী শহরের বনানী, সবুজবাগ ও কলেজ রোড এলাকা এবং বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের হাজিরহাট বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ ও বিভিন্ন তথ্য-প্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের হাজিরহাট বন্দর এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে ও আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আজহার উদ্দিন, গলাচিপা উপজেলার কলাগাছিয়া গ্রামের মো. আরশেদ আলীর ছেলে মো. কবির হোসেন এবং পটুয়াখালী পৌর শহরের কলেজ রোড এলাকার নুরুল হক তালুকদারের ছেলে ও যুবলীগ নেতা মোহাম্মদ রাসেল তালুকদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তরা পরিকল্পিতভাবে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে এক ঔষধ ব্যবসায়ী ও এক চাকরিজীবীকে ব্ল্যাকমেইল করে বিপুল পরিমাণ টাকা আদায় করে। ভুক্তভোগী মো. শহীদুলকে ডেকে এনে আপত্তিকর ভিডিও ধারণের পর ভয়ভীতি দেখিয়ে ১৮ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে তার কাছ থেকে প্রায় ১৪ লাখ ৮০ হাজার টাকা আদায় করা হয় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের মাধ্যমে একটি সালিশি বৈঠকে বিষয়টি সামনে এলে সেখানে অভিযুক্তদের স্বীকারোক্তি পাওয়া যায়। পরে স্থানীয়রা তাদের পুলিশের কাছে হস্তান্তর করেন।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হানি ট্র্যাপ চক্রের সদস্যদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন আলামত ও তথ্য-প্রমাণ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে আরও কয়েকজন ভুক্তভোগীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!