ঢাকা   বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভিন্ন মোড়কে সরকারি চাল বাজারজাতকরণ: সীতাকুণ্ডে ৫৭৮ টন চালসহ গ্রেফতার ১

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৮:৪১ এএম

ভিন্ন মোড়কে সরকারি চাল বাজারজাতকরণ: সীতাকুণ্ডে ৫৭৮ টন চালসহ গ্রেফতার ১

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি পরিত্যক্ত গুদামে অবৈধভাবে মজুত করা প্রায় ৫৭৮ টন সরকারি চাল জব্দ করেছে র‍্যাব-৭ ও জেলা প্রশাসন।

সরকারি চালের বস্তা বদলে বেসরকারি আকর্ষণীয় ব্র্যান্ডের মোড়কে বাজারজাত করার অভিযোগে এই অভিযান চালানো হয়। অভিযানে জড়িত থাকার অপরাধে আবদুল আজিজ (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে।

বুধবার (১৩ মে, ২০২৬) বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকার সালেহ কার্পেট মিলের একটি পরিত্যক্ত গুদামে এ অভিযান চালানো হয় বলে জানান র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন।

তিনি বলেন, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বে যৌথ মোবাইল কোর্ট এই তল্লাশি চালায়। গুদামটি থেকে খাদ্য অধিদপ্তরের সিলমোহরযুক্ত ১,১৭২ বস্তা চালসহ বিভিন্ন ব্র্যান্ডের মোড়কে রাখা মোট ৫ লাখ ৭৮ হাজার৬০০ কেজি চাল উদ্ধার করা হয়। জব্দকৃত চালের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা।

র‍্যাব ও খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অসাধু চক্রটি সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল কম দামে সংগ্রহ করে তা পাচার করছিল। এরপর চালের মূল বস্তা পরিবর্তন করে বিভিন্ন বেসরকারি ব্র্যান্ডের মোড়কে ভরে বেশি দামে বাজারে বিক্রির প্রস্তুতি নিচ্ছিল। কোনো বৈধ ডিলারশিপ বা খাদ্য গুদামজাতকরণের সরকারি লাইসেন্স ছাড়াই সম্পূর্ণ অবৈধভাবে এই বিশাল মজুত গড়ে তোলা হয়েছিল।

অভিযান শেষে চালের গুদামটি সিলগালা করে স্থানীয় থানা পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে সীতাকুণ্ড থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এই চাল চুরির সিন্ডিকেটের পেছনে সরকারি কোনো খাদ্যগুদাম কর্মকর্তা বা ডিলার জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে প্রশাসন।

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!