ঢাকা   শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ঢাকার স্টেডিয়ামে উৎসবমুখর সন্ধ্যায় ভুটানকে ২-০ গোলে হারাল বাংলাদেশ

Authorরেডিও বার্তা ডেস্ক

আপডেট: ০৪ জুন ২০২৫, ১১:৩৮ পিএম

ঢাকার স্টেডিয়ামে উৎসবমুখর সন্ধ্যায় ভুটানকে ২-০ গোলে হারাল বাংলাদেশ

দীর্ঘদিন পর ঘরের মাঠে ফিরেই চমক দেখাল বাংলাদেশের জাতীয় ফুটবল দল। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জমকালো পরিবেশে আয়োজিত ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। গোলদাতাদের তালিকায় নাম লেখান অভিষিক্ত মিডফিল্ডার হামজা চৌধুরী ও অভিজ্ঞ সোহেল রানা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছন্দে খেলতে দেখা যায় লাল-সবুজদের। খেলার ৬ মিনিটেই প্রথম গোলটি আসে কর্নার কিক থেকে। অধিনায়ক জামাল ভূঁইয়ার উঁচু ক্রসে মাথা ছুঁইয়ে দুর্দান্ত হেডে গোল করেন হামজা চৌধুরী। নিজের অভিষেক ম্যাচেই গোল করে দর্শকদের মন জয় করেন এই তরুণ মিডফিল্ডার।

প্রথমার্ধে আরও বেশ কিছু সুযোগ সৃষ্টি হলেও ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় বাংলাদেশ। বিশেষ করে ফাহামিদুল ইসলামের পাস থেকে রাকিব হোসেন ও জামালের দুটি প্রচেষ্টা অল্পের জন্য গোলপোস্টের বাইরে চলে যায়।

দ্বিতীয়ার্ধে নতুন পরিকল্পনায় মাঠে নামে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তরুণ হৃদয়, ইব্রাহিম ও মোরসালিন। ম্যাচের ৪৮তম মিনিটে দুর্দান্ত এক দূরপাল্লার শটে গোল করেন মিডফিল্ডার সোহেল রানা। তার শটের গতি ও নিখুঁত দিকনির্দেশনায় কোনো সুযোগই পাননি ভুটানের গোলরক্ষক।

এরপর আরও একাধিক সুযোগ তৈরি হলেও ব্যবধান আর বাড়েনি। বিশেষ করে খালি পোস্ট পেয়েও বল নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হন রাকিব হোসেন। তবে ম্যাচজুড়েই আধিপত্য ধরে রাখে বাংলাদেশ। মাঠে ছিল দারুণ সমন্বয়, ডান-বাম উইংয়ে ছিল গতি, মাঝমাঠে ছিল রক্ষণভাগে দৃঢ়তা।

ঘরের মাঠে অভিষেক হওয়া ফাহামিদুল ইসলাম ও হামজার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে ফাহামিদুলের কাটব্যাক ও পজিশনিং মাঠে বারবার ভুটান রক্ষণের ভোগান্তির কারণ হয়। তবে তার মাঠ ছাড়ার পর আক্রমণে কিছুটা গতি হারায় দল।

ম্যাচের শেষদিকে ইনজুরির কারণে সাদ উদ্দিনকে স্ট্রেচারে মাঠ ছাড়তে হয়। খেলোয়াড় বদলের কোটা শেষ হয়ে যাওয়ায় শেষ মিনিটগুলোতে ১০ জন নিয়ে খেলেও রক্ষণভাগ সামলে নেয় বাংলাদেশ। ইনজুরি সময়ে ভুটানের একটি চেষ্টা দক্ষতার সঙ্গে ঠেকান গোলরক্ষক মিতুল মারমা।

পুরো ম্যাচজুড়েই ভুটান ছিল ছন্দহীন, মাঝমাঠে নিয়ন্ত্রণ হারিয়ে বারবার রক্ষণে ফিরে যেতে বাধ্য হয় তারা। বিপরীতে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে ছিল আত্মবিশ্বাস ও ম্যাচ নিয়ন্ত্রণে পাকা দক্ষতা।

নতুন সাজে সেজে ওঠা স্টেডিয়ামে দর্শকদের উপচে পড়া ভিড় এবং গ্যালারিজুড়ে স্লোগান, হাততালি, ফাহামিদুল ও হামজার নামে ধ্বনি—সব মিলিয়ে এক আবেগঘন পরিবেশে রূপ নেয় ম্যাচটি। জাতীয় দলের প্রতি দর্শকদের এই ভালোবাসা মাঠে ফুটবল ফেরার আহ্বানই যেন জানান দিচ্ছিল।

১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই জয় দলের জন্য যেমন আত্মবিশ্বাসের বার্তা, তেমনি ফুটবলপ্রেমীদের জন্যও এটি এক আনন্দঘন স্মৃতি হয়ে থাকল।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন