ঢাকা   রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভালুকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা, এক ঘণ্টা বন্ধ মহাসড়কের যান চলাচল

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৬ মে ২০২৬, ১১:৪২ পিএম

ভালুকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা, এক ঘণ্টা বন্ধ মহাসড়কের যান চলাচল

ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর বাজার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উচ্ছেদ অভিযানে বাধা দিয়ে ফুটপাতের ব্যবসায়ীরা মহাসড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

শনিবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ ব্যবসায়ীরা মহাসড়কের দু’পাশে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিডস্টোর বাজার এলাকায় মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করতে যান ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেন। এ সময় ফুটপাতের ব্যবসায়ীরা উচ্ছেদ অভিযানে বাধা দেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান স্থগিত করে ঘটনাস্থল ত্যাগ করেন।

ফুটপাতের ব্যবসায়ীদের অভিযোগ, পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এতে জীবিকা হারানোর আশঙ্কায় তাঁরা প্রতিবাদে নামেন।

জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মহাসড়কে অবরোধ চলে। এতে ঢাকা ও ময়মনসিংহমুখী উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। আটকে পড়া যাত্রীদের অনেকেই দুর্ভোগের শিকার হন।

পরে হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান বাশান এবং সাবেক হবিরবাড়ী ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক রফি উদ্দিন সরকার রফিক ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। প্রশাসনের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের আশ্বাস দিলে ব্যবসায়ীরা অবরোধ প্রত্যাহার করেন। এরপর ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আমিনুল ইসলাম খান বাশান বলেন, ‘ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে। স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করে প্রশাসনের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী সমাধানের চেষ্টা করা হবে। এ আশ্বাসে ব্যবসায়ীরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন।’

এ বিষয়ে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন বলেন, ‘আমরা উচ্ছেদ করার পর আবার দখল নিয়ে বসেছিল। সেগুলো সরিয়ে দেওয়া হয়। এরপর তাঁরা বিক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করেন। রাস্তা এখন মোটামুটি ক্লিয়ার করার চেষ্টা করা হচ্ছে। এতক্ষণে ক্লিয়ার হয়েও গেছে মনে হয়।’

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!