ফিলিস্তিনি ভূখণ্ড নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানেজের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (২০ মে) মার্কিন ট্রেজারি বিভাগের ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গত সপ্তাহে এক ফেডারেল বিচারক সাময়িকভাবে এই নিষেধাজ্ঞা স্থগিত করেছিলেন। বিচারকের মতে, গাজায় ইসরায়েলের যুদ্ধের সমালোচনার কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ট্রাম্প প্রশাসন সম্ভবত তার মতপ্রকাশের স্বাধীনতার অধিকার লঙ্ঘন করেছে।
ইতালির আইনজীবী ফ্রান্সেসকা আলবানেজ জাতিসংঘের ইসরায়েল-অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলবিষয়ক বিশেষ প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই দায়িত্ব পালনকালে তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ইসরায়েলি ও মার্কিন নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে মামলা করার সুপারিশ করেছিলেন। এক প্রতিবেদনে তিনি কয়েকটি বড় মার্কিন কোম্পানিকে গাজায় ইসরায়েলের ‘গণহত্যামূলক অভিযানে’ সহায়তার অভিযোগও এনেছিলেন।
২০২৫ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। ওয়াশিংটনের অভিযোগ ছিল, তিনি আইসিসিকে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তা, কোম্পানি এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উস্কানি দিয়েছেন।
নিষেধাজ্ঞার কারণে আলবানেজের যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং সেখানে ব্যাংকিং লেনদেন করা নিষিদ্ধ হয়ে পড়ে। এরপর তার স্বামী ও মার্কিন নাগরিক মেয়ে ফেব্রুয়ারি মাসে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ওয়াশিংটনের জেলা বিচারক রিচার্ড লিওন গত ১৩ মে রায়ে বলেন, যুক্তরাষ্ট্রের বাইরে বাস করলেও মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীর আওতায় আলবানেজের মতপ্রকাশের অধিকার রয়েছে। তিনি আরও বলেন, প্রশাসন মূলত তার প্রকাশিত মতামতের কারণেই তার বক্তব্য নিয়ন্ত্রণের চেষ্টা করেছে।
রায়ের পর মার্কিন অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি) জানিয়েছে, আদালতের আদেশ বহাল থাকা পর্যন্ত আলবানেজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করা হবে না।
এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর ও হোয়াইট হাউস এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি।
সূত্র: আল জাজিরা
বার্তা বাজার/এমএমএইচ






