জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (জামায়াতে ইসলামী মনোনীত) নাজমুন নাহার নীলু বলেছেন, শিশু রামিসার নৃশংস হত্যাকাণ্ড গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছে। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।
শনিবার বিকেলে টঙ্গী পূর্ব থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় তামীরুল মিল্লাত কামিল মাদরাসার শহীদ মালেক অডিটরিয়ামে।
নাজমুন নাহার নীলু বলেন, “শিশু রামিসার ওপর যে বর্বরতা চালানো হয়েছে, তা মানবতা ও বিবেককে নাড়িয়ে দিয়েছে। একটি সভ্য রাষ্ট্রে এমন নির্মম ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”
তিনি আরও বলেন, দেশে ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হলে সমাজের প্রতিটি স্তরে ইনসাফ নিশ্চিত করতে হবে। মানুষ হিসেবে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে
টঙ্গী পূর্ব থানা জামায়াতে ইসলামীর আমির নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াত মনোনীত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ড. হাফিজুর রহমান, গাজীপুর মহানগর যুব বিভাগের সাধারণ সম্পাদক নেয়ামত উল্লাহ শাকের, টঙ্গী পূর্ব থানা জামায়াতের সেক্রেটারি আবু রায়হান, সাবেক শিবির নেতা ফখরুল আলম সিফাতসহ স্থানীয় নেতাকর্মীরা।
বার্তা বাজার/এমএমএইচ






