বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় ফুটবল দল আর্জেন্টিনা বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একইসঙ্গে আসন্ন বিশ্বকাপে দলটির সর্বাঙ্গীণ সাফল্যও কামনা করেছেন তিনি। শনিবার (২৩ মে) যশোরের হামিদপুরে শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে আয়োজিত ‘এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল ডে ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, “আর্জেন্টিনার রাষ্ট্রদূত যখন বক্তব্য দিতে উঠলেন, তখন উপস্থিত সবাই হাততালি দিয়েছেন। এটিই প্রমাণ করে, বাংলাদেশে আর্জেন্টিনাই সবচেয়ে জনপ্রিয় ফুটবল দল। আসন্ন বিশ্বকাপে আমরা তাদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।”
অনুষ্ঠানে দেশের ক্রীড়াঙ্গনে রাজনৈতিক প্রভাব নিয়েও কথা বলেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, গত দুই দশকে দেশের ক্রীড়াঙ্গন রাজনীতির দখলে চলে গেছে এবং প্রকৃত ক্রীড়ামোদীদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।
তিনি বলেন, “আগে মানুষ ক্রীড়াঙ্গনে কিছু দিতে আসত, এখন অনেকে নিতে আসে। ক্রীড়ামোদীদের জায়গা ব্যবসায়ী ও রাজনীতিকরা দখল করে নিয়েছে। এই ধারা থেকে বেরিয়ে আসতে হবে। নাসের জাহেদীর মতো যদি ১০ জন ক্রীড়ামোদি থাকতেন, তাহলে আমরা এতদিনে বিশ্বকাপের কাছাকাছি পৌঁছে যেতাম। জাহেদী সাহেব এই উদ্যোগ চালিয়ে যাবেন—এটাই প্রত্যাশা।”
দিনব্যাপী আয়োজনে খুলনা ও রাজশাহী বিভাগের প্রায় ৮০০ ক্ষুদে ফুটবলার অংশ নেয়। অনুষ্ঠানে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস, বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ ক্রীড়া সংগঠকেরা উপস্থিত ছিলেন।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, দেশের গ্রাসরুট ফুটবল উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি জানান, আর্জেন্টিনা থেকে কোচ আনা এবং প্রতিভাবান খেলোয়াড়দের সেখানে প্রশিক্ষণের জন্য পাঠানোর পরিকল্পনাও রয়েছে।
অনুষ্ঠানে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস বলেন, শিশুদের আগ্রহ ও অংশগ্রহণ বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে নতুন আশার সঞ্চার করছে।






