সড়ক দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যুতে শোক প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, রাষ্ট্রের বহু দশকের পুঞ্জিভূত ব্যর্থতার বলি হতে হচ্ছে নাগরিকদের।
তিনি মহাসড়কে পুলিশের নজরদারির বিষয়ে প্রশ্ন তুলে বলেন, এটা কেবলই দুর্ঘটনা না বরং এটা একটি পদ্ধতিগত হত্যাকাণ্ড।
সোমবার (২৫ মে) এক বার্তায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীতে রড বোঝায় ট্রাক উল্টে ১৫ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, ঈদ মানুষের জন্য আনন্দ নিয়ে আসে। কিন্তু ঈদ এলেই বাংলাদেশে জনমনে আতংক তৈরি হয়, প্রিয়জন হারানোর আশংকা তৈরি হয়। প্রতিবছর ঈদের সময় সড়ক দুর্ঘটনায় এতো বেশি মানুষ মারা যায় যে, ঈদ যেনো আমাদের জন্য মুত্যুর মিছিল নিয়ে আসে।
তিনি বলেন, রাষ্ট্রের দশকের পর দশক পুঞ্জিভূত ব্যর্থতার বলি হতে হচ্ছে নাগরিকদের। প্রতিটি দুর্ঘটনার পরে আলোড়ন ওঠে। রাষ্ট্রের কর্তারা বাণী দেন, নানা কিছু করার প্রতিশ্রুতি দেন। কিন্তু অবস্থার কোন পরিবর্তন হয় না।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ঈদুল ফিতরের সময়েও মর্মান্তিক দুর্ঘটনায় দেশ কম্পিত হয়েছিলো। অনেক পদক্ষেপের কথা শোনাও গিয়েছিলো। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, রড় বোঝায় ট্রাকে যাত্রী উঠতে পারলো কেন? এই ট্রাক ঢাকা থেকে বের হয়ে বহু জায়গায় পুলিশের সামনে দিয়ে গিয়েছে, কেউ তাকে প্রশ্ন করেনি বা প্রশ্ন করলেও টাকা খেয়ে হয়তো যেতে দিয়েছে। এটা কেবলই দুর্ঘটনা না বরং এটা একটি পদ্ধতিগত হত্যাকাণ্ড।
বার্তা বাজার/এস এইচ






