ঢাকা   বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এআই-চালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬, ১১:২৯ পিএম

এআই-চালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নির্ভর ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের সরাসরি তত্ত্বাবধানে এই পরীক্ষা চালানো হয়েছে বলে বুধবার (২৭ মে) নিশ্চিত করেছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ।

এক প্রতিবেদনে কেসিএনএ জানিয়েছে, সর্বোচ্চ নেতা কিম জং উনের তত্ত্বাবধানে এই প্রথমবার ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আর্টিলারি রকেট এবং এআই পরিচালিত প্রিসিশন ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে। এ উৎক্ষেপণ কর্মসূচি মঙ্গলবার (২৬ মে) চালানো হয়েছে।

ক্ষেপণাস্ত্রের পরীক্ষা শেষে সন্তোষ প্রকাশ করে কিম জানিয়েছেন, এআই পরিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ ১০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, ‘স্পেশাল মিশন ওয়ারহেড’ প্রকল্পের আওতায় তৈরি এসব ক্ষেপণাস্ত্রের শক্তি এবং নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা যাচাই করতেই পরিচালনা করা হয়েছে এই পরীক্ষামূলক উৎক্ষেপণ।

উত্তর কোরিয়া দীর্ঘপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক সক্ষমতার অভাবনীয় উন্নতির পর এবার নিজেদের কৌশলগত ও প্রচলিত অস্ত্রাগারকে আরো আধুনিকীকরণে মনোযোগ দিয়েছে। এছাড়া পিয়ংইয়ং নিজেদের এসব আধুনিক অস্ত্র দক্ষিণ কোরিয়ার সীমান্তের কাছাকাছি মোতায়েনের ঘোষণাও দিয়েছে।

এদিকে, সম্প্রতি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন নিজেদের পারমাণবিক অস্ত্রাগার এবং অপারেশনাল পরিসর সম্প্রসারণের ইচ্ছা প্রকাশ করে এক বার্তায় যুক্তরাষ্ট্রকে তার দেশের পারমাণবিক শক্তির প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন।সূত্র: দ্য টেলিগ্রাফ, রয়টার্স

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!