জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গুনে গুণান্বিত হয়ে রাজনীতি করতে আসুন। নিজেকে গড়ে তুলুন। শহীদ জিয়া কেবল একজন রাষ্ট্রনায়ক বা সেনাপ্রধান ছিলেন না, তিনি ছিলেন একজন ‘জন্মগত নেতা’। সততা, দেশপ্রেম ও সাহসিকতার মাধ্যমে তিনি আধুনিক বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।
শনিবার (৩০ মে) দুপুরে দুর্গাপুরে উপজেলা বিএনপির আয়োজিত জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, সিদ্ধান্তহীনতার সময়ে মৃত্যুভয় উপেক্ষা করে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। পরবর্তীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। আজকের গার্মেন্টস শিল্প ও কৃষি বিপ্লব তার দূরদর্শী চিন্তারই ফসল।
রাষ্ট্রক্ষমতায় থেকেও জিয়ার সাদামাটা জীবনযাপন ও সততাকে অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন ডেপুটি স্পিকার। তিনি নেতাকর্মীদের শুধু আবেগে বা ‘হুজুগে’ রাজনীতি না করে, জিয়ার আদর্শ বুকে ধারণ করে জনকল্যাণে কাজ করার আহ্বান জানান।
এ সময় বিএনপি ও তার সহযোগী সংগঠনে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/এস এইচ






