কুমিল্লায় গাড়িযোগে এসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। রোববার দুপুরে সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে এ মিছিল হয়। পরে স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মিছিলকারীদের ব্যবহৃত তিনটি মাইক্রোবাস ও দুটি বাস জব্দ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাস ও মাইক্রোবাসে করে আসা ছাত্রলীগের নেতাকর্মীরা হঠাৎ সড়কে নেমে ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল শুরু করেন। বিভিন্ন স্লোগান দিয়ে কয়েকশ নেতাকর্মী মিছিলে অংশ নেন। মিছিলের স্থানটি সদর দক্ষিণ মডেল থানার কাছাকাছি হওয়ায় খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এ সময় আদর্শ সদর উপজেলার যুবদল নেতা এরশাদ এবং ২৭ নম্বর ওয়ার্ড যুবদল নেতা রবিউলের নেতৃত্বে স্থানীয়রা মিছিলকারীদের ধাওয়া দিলে তারা দ্রুত ছত্রভঙ্গ হয়ে পড়ে। পরে পুলিশ অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করে। ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগ দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তাদের দমনের জন্য ছাত্রদল প্রস্তুত। আমরা শক্তহাতে তাদের প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনী কে সহায়তা করবো।’
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, ‘হঠাৎ করেই নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মী প্রায় ৩০ সেকেন্ডের একটি ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায় ৪৫ জনকে আটক করা হয়েছে। মিছিলের জন্য ব্যবহৃত তিনটি মাইক্রোবাস ও দুটি বাস জব্দ করা হয়েছে।’
বিকালে কুমিল্লা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের মিছিলসহ যে কোন নাশকতা প্রতিরোধে পুলিশ ও গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানো হয়েছে। মহাসড়কসহ জেলা উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের টহল বাড়ানো হয়েছে। আটকদের পরিচয় যাচাই করে আইনগত পদক্ষেপ নেয়া হবে।’






