ঢাকা   সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১০:৪৪ পিএম

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

চট্টগ্রামের আলোচিত জঙ্গল সলিমপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং স্থানীয় জনগণের আস্থা আরও সুদৃঢ় করতে সরেজমিন পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম। এ সময় তিনি শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং তাদের বিভিন্নভাবে উৎসাহিত করেন।

দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলার যেসব এলাকায় বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, অপরাধ প্রবণতা কিংবা জনমনে উদ্বেগের সৃষ্টি হয়েছে, সেসব এলাকা পর্যায়ক্রমে পরিদর্শন করছেন পুলিশ সুপার। এরই ধারাবাহিকতায় রোববার (০৭ জুন) তিনি জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় যান।

পরিদর্শনকালে তিনি আলীনগর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তাদের লেখাপড়া, ভবিষ্যৎ পরিকল্পনা, নৈতিক শিক্ষা এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার বিষয়ে নানা দিকনির্দেশনা দেন।

শিক্ষার্থীদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, ‘পুলিশ তোমাদের প্রতিপক্ষ নয়, পুলিশ তোমাদের বন্ধু। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা সবসময় তোমাদের পাশে আছি।’

পরে শিক্ষার্থীদের মাঝে চকলেট, কেক ও বিস্কুট বিতরণ করা হয়। পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য উৎসাহিত করে জার্সি, ব্যাট-বলসহ প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী সরবরাহে সহযোগিতার আশ্বাস দেন তিনি। প্রীতি ম্যাচ আয়োজনেরও পরামর্শ দেন।

এ সময় ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করে ভালো ফলাফল অর্জনের মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

বিদ্যালয় পরিদর্শনের সময় শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গেও মতবিনিময় করেন পুলিশ সুপার। শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা, যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে আলোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমাধানের আশ্বাস দেন। এ ছাড়া বিদ্যুৎ ও অস্থায়ী ক্যাম্পের কারণে কোনো সমস্যা হচ্ছে কি না, সে বিষয়েও খোঁজ নেন।

আলীনগর এলাকায় স্থাপিত অস্থায়ী যৌথ বাহিনীর ক্যাম্প প্রসঙ্গে পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় শ্রেণিকক্ষ খালি রেখে পাঠদান কার্যক্রম স্বাভাবিক রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী সবসময় জনগণের পাশে রয়েছে। ঈদের ছুটির পর আমি সরেজমিনে পরিস্থিতি দেখতে এসেছি। স্কুলে শিক্ষার্থীদের কোনো সমস্যা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হয়েছে। জনগণের নিরাপত্তার স্বার্থেই এখানে যৌথ বাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই।’

এদিকে জঙ্গল সলিমপুরকে ঘিরে বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রচারিত ‘রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র’ ধরনের আলোচনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন আলীনগর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম।

তিনি বলেন, ‘মিডিয়া ট্রায়ালের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। কোনো ব্যক্তি অপরাধ করলে পুরো এলাকাকে সন্ত্রাসী এলাকা বা ‘রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র’ হিসেবে চিহ্নিত করা ঠিক নয়। কয়েকজন আসামির কারণে একটি পুরো জনপদকে নেতিবাচকভাবে উপস্থাপন করা অনুচিত। আমরা রাষ্ট্রের আইন-কানুন মেনে শান্তিপূর্ণভাবে বসবাস করছি এবং এ বিষয়ে সঠিক মূল্যায়ন প্রত্যাশা করি।’

পরিদর্শনকালে পুলিশ সুপার স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে নানা কারণে আলোচিত জঙ্গল সলিমপুর এলাকায় শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রবেশমুখে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি অপরিচিত ব্যক্তিদের গতিবিধির ওপর নজরদারিসহ সার্বক্ষণিক তদারকি চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!