লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের প্রাণঘাতী হামলার পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলি ওই হামলায় তিনজন নিহত হওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। এই ঘটনায় দেশটি ‘শক্ত জবাব’ দেয়ার হুঁশিয়ারি দিয়েছে। একই সময়ে লেবাননে হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, বৈরুতে ইসরায়েলের প্রাণঘাতী হামলার পর ‘শক্ত প্রতিক্রিয়া’ আসছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি।
তিনি বলেন, ‘আজ বৈরুতের দাহিয়ায় জায়নবাদী শাসকগোষ্ঠীর এই অপরাধ আবারও প্রমাণ করেছে যে যুক্তরাষ্ট্র দুর্বল এবং বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। কারণ এই অবৈধ দেশকে নিয়ন্ত্রণ করার সক্ষমতাও তাদের নেই।’
আজিজি আরও বলেন, ‘এর (ইসরায়েলি হামলার) জবাবে শক্ত প্রতিক্রিয়া আসছে।’
এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সাম্প্রতিক ঘটনাবলি সত্ত্বেও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের ‘খুব ভালো সম্পর্ক’ গড়ে উঠেছে। তিনি বলেন, বহু ভুল বোঝাবুঝি ইতোমধ্যে ‘সমাধানের পথে’ রয়েছে।
অন্যদিকে ইসরায়েল দাবি করেছে, রোববার লেবাননের লিতানি নদীর দক্ষিণে চালানো এক হামলায় তারা দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার আলি মুসা ডাকদুককে হত্যা করেছে।
তবে হিজবুল্লাহ এখন পর্যন্ত তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। এর আগে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বৈরুতের দক্ষিণ উপশহর ঘোবেইরিতে ইসরায়েলি হামলায় তিনজন নিহত এবং আরও ১৬ জন আহত হয়েছেন।
এছাড়া দেশটির জাতীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছরের ২ মার্চ থেকে ১৪ জুন পর্যন্ত ইসরায়েলি হামলায় লেবাননে মোট নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৭৮৩ জনে দাঁড়িয়েছে। একই সময়ে আহত হয়েছেন আরও ১১ হাজার ৬৯৯ জন।






