মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি বলেছেন, দেশে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল করতে যাচ্ছে সরকার। সেখানে কাস্টমসের কোনো নিয়মকানুন প্রযোজ্য হবে না। মুক্ত বাণিজ্য অঞ্চল ট্যাক্স-ফ্রি হবে।
বুধবার (১৭ জুন) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত এবং অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, মাতারবাড়ী বন্দরের কাছে ও চট্টগ্রাম বন্দরের কাছে এই অঞ্চল হবে। দুটি এলাকা মিলিয়ে মোট ৬০০ একর জায়গায় এটি গড়ে তোলা হবে। অর্থনৈতিক গতিশীলতা আনতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) স্থাপনের জন্য স্পেশাল পারপাস কোম্পানি বাংলাদেশের সঙ্গে ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট এবং ল্যান্ড লিজ এগ্রিমেন্ট অনুমোদন ও স্বাক্ষরের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বিশ্বের অনেক দেশে এমন মুক্ত বাণিজ্য অঞ্চল রয়েছে।
হরমুজ প্রণালি বন্ধ হওয়ায় বড় বিপদ হয়েছে উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, চুক্তি অনুযায়ী বিভিন্ন দেশ থেকে এলএনজি ও তেল আনা বিঘ্নিত হচ্ছে। এজন্য স্পট মার্কেট থেকে কিনতে হচ্ছে। দেশের জ্বালানি পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে যাচ্ছে। তবে মধ্যপ্রাচ্যের ঘটনা শিখিয়েছে, তেল কেনার প্রচলিত পদ্ধতি পর্যালোচনা করা দরকার।
এছাড়া, রাশিয়া থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বার্তা বাজার/এস এইচ






