ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ঐতিহ্যবাহী নারী শিক্ষাপ্রতিষ্ঠান নাছরিন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় আখাউড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আখাউড়া প্রেসক্লাবের সভাপতি মোঃশাহদাত হোসেন লিটনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
বুধবার (১৭ জুন) বিকেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ। এ সময় শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতির প্রতি শুভকামনা জানানো হয়।
এডহক কমিটির সভাপতি শাহদাত হোসেন লিটন তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষকতা পেশা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পেশা। একজন মানুষ যে পেশাতেই ভালো অবস্থানে পৌঁছান না কেন, তার পেছনে কোনো না কোনো শিক্ষকের অবদান থাকে।”
তিনি আরও বলেন, “নাছরিন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় আখাউড়া পৌর শহরের একমাত্র নারীদের বিদ্যাপীঠ। এই বিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতির জন্য যা যা প্রয়োজন, শিক্ষকদের পরামর্শ নিয়ে তা বাস্তবায়নের চেষ্টা করা হবে। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
তিনি বলেন, “শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতির জন্য সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন। কসবা-আখাউড়ার সংসদ সদস্য জননেতা মুশফিকুর রহমান শিক্ষাবান্ধব। শিক্ষার্থীদের কল্যাণে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা কর্তৃক নাছরিন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের জন্য ৪ সদস্যবিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ১৪ জুন বিদ্যালয় পরিদর্শক শাখা থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।
অনুমোদিত এডহক কমিটিতে শিক্ষা বোর্ড মনোনীত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহদাত হোসেন লিটন। শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন সহকারী শিক্ষক কাজী সাফিয়া খাতুন, অভিভাবক প্রতিনিধি হিসেবে রয়েছেন মো. গিয়াস উদ্দিন এবং সদস্য সচিব হিসেবে পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দায়িত্ব পালন করবেন।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ এর ৬৪(১০) ধারার আলোকে এই এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, স্মারক জারির তারিখ থেকে পরবর্তী ছয় মাস পর্যন্ত এ কমিটির মেয়াদ বহাল থাকবে। এ সময়ের মধ্যে বিধি মোতাবেক পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এদিকে শাহদাত হোসেন লিটন এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় স্থানীয় শিক্ষানুরাগী, অভিভাবক, সাবেক শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের মধ্যে সন্তোষ প্রকাশ দেখা গেছে। তারা আশা করছেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে।






