কুমিল্লার মেঘনা উপজেলার তুলাতুলি গ্রামে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে আলোচিত দেলোয়ার মৃধা (৩৫) হত্যা মামলার প্রধান আসামি মো. নাছির উদ্দীনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে মামলার ১৪ নম্বর আসামি সালেহ মুসাকেও গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
নাছির উদ্দীন চন্দনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা থানার ওসি শহিদুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. ওবায়দুল হক সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর গ্রামের মোস্তফার বাড়িতে অভিযান চালান। সেখান থেকে নাছির উদ্দীনকে গ্রেফতার করা হয়। একই সময়ে অপর আসামি সালেহ মুসাকেও গ্রেফতার করা হয়।
ওসি আরও জানান, এ নিয়ে দেলোয়ার হত্যা মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।






