ঢাকা   শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আগামী খেলায় দুটি পজিশনে পরিবর্তন আনতে পারে আর্জেন্টিনা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১২:০৭ এএম

আগামী খেলায় দুটি পজিশনে পরিবর্তন আনতে পারে আর্জেন্টিনা

আগামী খেলায় দুটি পজিশনে পরিবর্তন আনতে পারে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দুর্দান্ত সূচনা করেছে আর্জেন্টিনা। তবে জয় সত্ত্বেও দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে শুরুর একাদশে কিছু পরিবর্তনের ইঙ্গিত মিলছে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, কোচ লিওনেল স্কালোনি অন্তত দুটি পজিশনে পরিবর্তন আনতে পারেন, যার মধ্যে সবচেয়ে বড় আলোচনা আক্রমণভাগকে ঘিরে।

আলজেরিয়ার বিপক্ষে লাউতারো মার্তিনেজ শুরুর একাদশে থাকলেও ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নেমে নিজের স্বাভাবিক ক্ষিপ্রতা ও কার্যকারিতা দেখিয়েছেন হুলিয়ান আলভারেজ। বিশ্বকাপ শুরুর আগে বাঁ গোড়ালির চোটে ভুগছিলেন ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড। সে কারণেই প্রথম ম্যাচে তাকে শুরু থেকে খেলানোর ঝুঁকি নেয়নি কোচিং স্টাফ।

স্কালোনির পরিকল্পনা ছিল আলভারেজকে ধীরে ধীরে ম্যাচের ছন্দে ফিরিয়ে আনা। সেই পরিকল্পনা সফল হয়েছে বলেই মনে করা হচ্ছে। বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ এবং অস্ট্রিয়ার বিপক্ষে শুরুর একাদশে ফেরার দৌড়ে বেশ এগিয়ে আছেন। যদি শেষ মুহূর্তের অনুশীলনে কোনো সমস্যা না হয়, তাহলে মেসির সঙ্গে আক্রমণে দেখা যেতে পারে আলভারেজকে।

আর্জেন্টিনার সবচেয়ে বড় মাথাব্যথা এখন মিডফিল্ড ও আক্রমণের মাঝামাঝি অংশে। প্রথম ম্যাচে এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল ও অ্যালেক্সিস মাক অ্যালিস্টারের সঙ্গে চতুর্থ মিডফিল্ডার হিসেবে খেলেছিলেন থিয়াগো আলমাদা। তবে প্রত্যাশা অনুযায়ী প্রভাব ফেলতে পারেননি তিনি।

অন্যদিকে দ্বিতীয়ার্ধে নিকোলাস গনসালেস মাঠে নামার পর আর্জেন্টিনার আক্রমণে আসে ভিন্ন মাত্রা। তার গতি, প্রেসিং এবং উইং থেকে ভেতরে ঢুকে খেলার ক্ষমতা প্রতিপক্ষ রক্ষণকে বাড়তি চাপে ফেলে। ফলে অস্ট্রিয়ার বিপক্ষে স্কালোনি কি আরও আক্রমণাত্মক কৌশল নেবেন, নাকি আলমাদার ওপর আস্থা রাখবেন—সেটাই এখন বড় প্রশ্ন।

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পাওয়ার পরও স্কালোনি জানেন, বড় টুর্নামেন্টে প্রতিটি ম্যাচ নতুন পরীক্ষা। আলজেরিয়ার বিপক্ষে সফল হওয়া কৌশল অস্ট্রিয়ার বিপক্ষে একইভাবে কাজ নাও করতে পারে। সে কারণেই আর্জেন্টিনা শিবিরে চলছে নানা পরীক্ষা-নিরীক্ষা।

সবকিছু ঠিক থাকলে সোমবারের ম্যাচে দেখা যেতে পারে আরও গতিময় এবং সরাসরি আক্রমণভাগ, যেখানে লিওনেল মেসির পাশে জায়গা করে নিতে পারেন হুলিয়ান আলভারেজ। আর মিডফিল্ড-আক্রমণের সংযোগস্থলে থিয়াগো আলমাদা ও নিকোলাস গনসালেসের মধ্যে একজনের সিদ্ধান্তই হয়তো নির্ধারণ করবে আর্জেন্টিনার কৌশলগত রূপরেখা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন