উখিয়া থানার হলরুমে চাইল্ড সেফটি নেট প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে “আইনি কাঠামো ও বাস্তবায়ন সহায়তা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ ও শিশু আইন-২০১৩-এর কার্যকর প্রয়োগ, জন্মনিবন্ধন জালিয়াতি রোধ এবং অপ্রাপ্তবয়স্কদের বিয়ে সম্পাদন বা সহায়তাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সক্রিয় ভূমিকার আহ্বান জানানো হয়।
উখিয়া থানার ওসি মুজিবুল রহমান বলেন, শিশু সুরক্ষায় আইন প্রয়োগের পাশাপাশি বাল্যবিবাহ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি জরুরি। ওসি (তদন্ত) কামাল উদ্দিন বলেন, শিক্ষার হার বৃদ্ধি ও দারিদ্র্য দূরীকরণ বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহান, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ারসহ সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন রিপন আর্শিস মণ্ডল ও মিতু পাপিয়া সরকার। সহযোগিতা করেন কমিউনিটি ফ্যাসিলিটেটর সাইফুল ইসলাম।
সভার শেষে শিশু সুরক্ষা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ ও শিশু শ্রম প্রতিরোধ, শিশু-বান্ধব হেল্প ডেস্ক কর্নার চালুসহ সমন্বিত পর্যবেক্ষণ নেটওয়ার্ক গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
বার্তা বাজার/এস এইচ






