ঢাকা   বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

স্বামীর সম্পত্তির দখল চাওয়ায় বিধবাকে মারধর

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৮:৫১ পিএম

স্বামীর সম্পত্তির দখল চাওয়ায় বিধবাকে মারধর

কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামীর রেখে যাওয়া সম্পত্তির ন্যায্য হিস্যা ও দখল দাবি করায় নাসিমা বেগম (৫০) নামে এক বিধবাকে মারধর, বসতঘরে তালা দেওয়া এবং চলাচলের একমাত্র পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া এলাকার নোয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার প্রতিকার, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পৈতৃক সম্পত্তির ন্যায্য হিস্যার দখল বুঝে পাওয়ার দাবিতে ভুক্তভোগী নাসিমা বেগমের মেয়ে মেরী আক্তার (৩২) চারজনকে আসামি করে আদালতে একটি মামলা (সিআর-৫২১/২৬) দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত ওয়াহাব মিয়া (৪৯), ছকিনা বেগম (৪৫), নার্গিস (৪০) ও আঁখি বেগমের (২৫) সঙ্গে দীর্ঘদিন ধরে বাদীপক্ষের পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত ১৭ জুন বুধবার সকালে নাসিমা বেগমকে একা পেয়ে দেশীয় লাঠিসোঁটা দিয়ে তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় হামলাকারীরা তাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহত নাসিমা বেগমকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরদিন তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তিনি বাড়িতে ফিরে আসেন।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার দিন বিকেলে অভিযুক্তরা দ্বিতীয় দফায় এসে বসতঘরে তালা লাগিয়ে পরিবারের সদস্যদের জোরপূর্বক বের করে দেয়। পরিবারে কোনো পুরুষ সদস্য না থাকায় তারা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ভুক্তভোগী পরিবার জানায়, স্থানীয়ভাবে একাধিকবার সালিশের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করা হলেও অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় কোনো সমাধান সম্ভব হয়নি। উল্টো ন্যায্য সম্পত্তির দাবি তোলায় তাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

এদিকে, নাসিমা বেগম চৌদ্দগ্রাম মডেল থানায় পৃথক একটি অভিযোগ দায়ের করলে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহিদ আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ওয়াহাব মিয়া। তিনি বলেন, “তারা বাইরের লোকজন এনে বিষয়টির সমাধান করতে চায়। আমরা চাই বিষয়টি সমাজের মাধ্যমে মীমাংসা হোক। যেহেতু তারা আইনের আশ্রয় নিয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তাই বিষয়টি এখন আইনগতভাবেই নিষ্পত্তি হবে।

চৌদ্দগ্রাম মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহিদ আহমেদ বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন