প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল ৪টা ৪৫মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘তিয়াওইউথাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে এসে পৌঁছান।
এসময় তাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী। শুভেচ্ছা বিনিময় শেষে তারেক রহমানকে লাল গালিচা দিয়ে অভিবাদন মঞ্চে নিয়ে যান লি ছিয়াং।
সেখানে তাদের গার্ড অব অনার দেয় চীনের সশস্ত্র বাহিনীর সুসজ্জিত একটি চৌকস দল। এ সময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়। পরে দুই নেতা সশস্ত্র বাহিনীর প্যারেড পরিদর্শন করেন। এরপর দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে পরিচয় পর্বের আনুষ্ঠানিকতা সারা হয়।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বেইজিংয়ের তিয়েনআনমেন চত্বরের পশ্চিম প্রান্তে অবস্থিত ‘গ্রেট হল অব দ্য পিপল’সহ আশপাশের এলাকায় দুই দেশের জাতীয় পতাকা টানানো হয়। এ ভবনেই চীনের আইনসভা ন্যাশনাল পিপলস কংগ্রেসের বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়ে থাকে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর তারেক রহমান প্রথম বিদেশ সফর হিসেবে গত ২১ জুন মালয়েশিয়া যান। ওই সফরের আনুষ্ঠানিকতা সেরে সোমবার তিনি পৌঁছান চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর তালিয়ানে।
সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশগ্রহণ শেষে বুধবার বিকালে তারেক রহমানের বেইজিংয়ে পৌঁছানোর মধ্য দিয়ে তিন দিনের রাষ্ট্রীয় সফর শুরু হয়।
গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠক হবে। এ বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।
শুক্রবার গ্রেট হল অব পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া চীনা কমিউনিসট পার্টির শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।
২০০১ সালে বিএনপি সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চীন সফরের সঙ্গি ছিলেন তারেক রহমান। সেই সময়ে তিনি গ্রেট হলে মায়ের লালগালিচা সংবর্ধনায় উপস্থিত ছিলেন।






