কক্সবাজারের উখিয়ার পালংখালীর আনজুমানপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুত করা ৯০ বস্তা ইউরিয়া সার ও ৮০ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীনস্থ পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমীন সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশিষ সরকার এবং ৬৪ বিজিবির সহকারী পরিচালক মো. মাসুদ রানার নেতৃত্বে বিজিবির টহল দল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অভিযান পরিচালনা করে।
অভিযানে আনজুমানপাড়ার সাতটি বাড়িতে তল্লাশি চালিয়ে ৯০ বস্তা ইউরিয়া সার ও ৮০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। তবে অভিযান চলাকালে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা সম্ভব হয়নি।
সহকারী কমিশনার (ভূমি) শারমীন সুলতানা জানান, জব্দকৃত সার বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। তারা প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশিষ সরকার বলেন, অভিযানে যেসব বাড়িতে তল্লাশি চালানো হয়েছে, প্রায় সবগুলোতেই বিশেষ কৌশলে অবৈধভাবে মজুত করা সার পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে এসব সার উখিয়ায় এনে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল।
পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, বর্তমান সরকারি দলের নেতাকর্মী দাবিদার কিছু ব্যক্তি এবং উখিয়ার একটি বিশেষ পরিবারের সদস্যরা এই সার পাচারের সঙ্গে জড়িত। তাই প্রশাসন এখানে অসহায়।






