কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘী এলাকার গুচ্ছগ্রাম সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখা থেকে রোকেয়া বেগম (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গুচ্ছগ্রামের মৃত আলী আশরাফের স্ত্রী।
মঙ্গলবার (৩০ জুন) রাত আনুমানিক ১০টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সীমান্তবর্তী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোকেয়া বেগম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি প্রায়ই বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন এবং ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ১০টার দিকে ভারতীয় সীমান্ত সংলগ্ন শূন্যরেখায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে। পুলিশ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। এটি হত্যা, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফ হোসাইন বলেন, মরদেহ উদ্ধার করে আইনগত কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বার্তা বাজার/এস এইচ






