কুমিল্লার দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বারীকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) কুমিল্লার পুলিশ সুপার আসাদুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার দুই উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে ১৬০ কেজি গাঁজা জব্দ করে তা বিক্রির অভিযোগ ওঠে। বিষয়টি সোমবার সন্ধ্যায় প্রকাশ্যে এলে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
এরপরই একইদিন সন্ধ্যায় দাউদকান্দি মডেল থানার ওসি মো. আবদুল বারীকে পুলিশ লাইনে প্রত্যাহার করে সংযুক্ত করা হয়।
এদিকে, ওসি আবদুল বারী দাবি করেছেন, ব্যক্তিগত বিদ্বেষ থেকে একটি সংবাদমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ওই প্রতিবেদনের ভিত্তিতে তার বিরুদ্ধে অন্যায়ভাবে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন বলেও জানান।
তিনি আরও বলেন, দাউদকান্দি মডেল থানায় এ ধরনের কোনো ঘটনার অস্তিত্ব নেই। তার দাবি, অভিযোগ প্রমাণিত হলে তিনি চাকরি ছেড়ে দিতে প্রস্তুত, তবে মিথ্যা অপবাদ নিয়ে তিনি কর্মস্থল ত্যাগ করবেন না।
বার্তা বাজার/এস এইচ






