নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্ন ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে বাস সার্ভিস চালু করেছেন স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু)। পরীক্ষা চলাকালীন পুরো সময় নির্ধারিত রুটে চলাচলকারী এ বাসে শিক্ষার্থীরা কোনো ভাড়া ছাড়াই পরীক্ষা কেন্দ্রে যাতায়াত করতে পারবেন।
কলেজ সূত্রে জানা গেছে, পরীক্ষা মৌসুমে গণপরিবহনের সংকট, অতিরিক্ত যাত্রীচাপ ও যানজটের কারণে প্রতিবছরই অনেক শিক্ষার্থী সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো নিয়ে উদ্বেগে থাকেন। এসব বিষয় বিবেচনায় নিয়ে পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের আশা, এতে শিক্ষার্থীরা যাতায়াতের দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে পরীক্ষার প্রস্তুতি ও পরীক্ষায় আরও মনোযোগ দিতে পারবেন।
পরীক্ষার্থী জারিফ হোসেন বলেন, পরীক্ষার আগে সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল সময়মতো বাস পাওয়া এবং যানজটের কারণে কেন্দ্রে পৌঁছাতে দেরি হওয়ার আশঙ্কা। বিনামূল্যের বাস সার্ভিস চালু হওয়ায় সেই উদ্বেগ অনেকটাই কেটে গেছে। এখন নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারব।
আরেক পরীক্ষার্থী কেয়া সুলতানা বলেন, পরীক্ষার সময় নিরাপদ ও নির্ধারিত সময়ে যাতায়াতের সুযোগ পাওয়া আমাদের জন্য বড় স্বস্তির। এতে মানসিক চাপ কমবে এবং ভালোভাবে পরীক্ষা দিতে আত্মবিশ্বাস বাড়বে।
অভিভাবকরাও এ উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেছেন। তাদের মতে, পরীক্ষা চলাকালে সন্তানদের নিরাপদে কেন্দ্রে পৌঁছানো নিয়ে যে উদ্বেগ থাকে, ফ্রি বাস সার্ভিস চালুর ফলে তা অনেকটাই কমে এসেছে।
শিক্ষা-সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষার্থীদের কল্যাণে নেওয়া এ ধরনের উদ্যোগ শিক্ষা কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে। নিরাপদ ও সুশৃঙ্খল যাতায়াত নিশ্চিত হলে পরীক্ষার্থীরা আরও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নিতে পারবেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, শিক্ষার্থীদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নেওয়া এ উদ্যোগ জনকল্যাণমূলক একটি প্রশংসনীয় পদক্ষেপ। ভবিষ্যতেও শিক্ষা ও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
বার্তা বাজার/এস এইচ






