ঢাকা   বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ, কৃষকদল নেতা বহিষ্কার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৭:৪৯ পিএম

বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ, কৃষকদল নেতা বহিষ্কার

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন, পরে বিয়ে করতে অস্বীকৃতি এবং হুমকি দেয়ার অভিযোগে মাগুরা সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক রিফাতুল ইসলাম রায়হানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় দায়ের করা মামলায় তিনি গ্রেপ্তার হয়ে বর্তমানে জেলা কারাগারে রয়েছেন।

বুধবার (১ জুলাই) জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম হিরার নির্দেশে দপ্তর সম্পাদক মো. চঞ্চল হোসেন চৌধুরীর স্বাক্ষরিত এক চিঠিতে রিফাতুল ইসলাম রায়হানকে দলীয় পদ থেকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বহিষ্কৃত রায়হান মাগুরা শহরের ভায়না গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, ভুক্তভোগী নারীর দায়ের করা মামলার ভিত্তিতে রায়হানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ওই নারী সন্তানকে নিয়ে মাগুরা শহরের একটি ভাড়াবাসায় বসবাস করছিলেন। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে রিফাতুল ইসলাম রায়হানের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

অভিযোগে আরও বলা হয়েছে, বিয়ের আশ্বাস দিয়ে রায়হান ওই নারীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরবর্তীতে বিয়ের বিষয়টি সামনে এলে তিনি নানা অজুহাতে তা এড়িয়ে যেতে থাকেন। সর্বশেষ গত ২৫ মে বিয়ের কথা বললে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং হুমকি দিয়ে বাসা থেকে চলে যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

অন্যদিকে, রিফাতুল ইসলাম রায়হানের পরিবারের সদস্যরা মামলাটিকে ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন। তাদের অভিযোগ, ব্যক্তিগত উদ্দেশ্যে তাকে ফাঁসানো হয়েছে। একই সঙ্গে তারা মামলার বাদীর আনা অভিযোগ অস্বীকার করে তার ব্যক্তিগত চরিত্র নিয়েও প্রশ্ন তুলেছেন।

তবে এসব অভিযোগের বিষয়ে তদন্ত শেষে আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন