ঢাকা   শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জুলাই নিয়ে এমপি মনির বক্তব্য ‌‘অযাচিত’: ছাত্রদল সভাপতি

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১০:৩৮ পিএম

জুলাই নিয়ে এমপি মনির বক্তব্য ‌‘অযাচিত’: ছাত্রদল সভাপতি

জুলাই আন্দোলন নিয়ে বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির সাম্প্রতিক একটি বক্তব্যকে ‘অযাচিত’ আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ ও ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (২ জুলাই) সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব নিজের ও ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে নিলোফার চৌধুরী মনি জুলাই আন্দোলনের নেতৃত্ব এবং হত্যাকাণ্ডের ধরন নিয়ে বেশ কিছু বিতর্কিত প্রশ্ন তোলেন, যা ছাত্রদলের এ কঠোর প্রতিক্রিয়ার কারণ।

টকশোতে অংশ নিয়ে নিলোফার চৌধুরী মনি প্রশ্ন তোলেন, জুলাই আন্দোলনে স্নাইপার চালিয়েছিলেন কারা? তিনি বলেন, ‘অনেক কিছুই আমি বলতে চেয়েও বলতে পারি না। কারণ অনেক কিছু বললে অনেকের কাপড়-চোপড় ঠিক থাকবে না। যারা আজ কথা বলে, তারা কখন কোথায় কীভাবে সেনাবাহিনীর সঙ্গে দেখা করে এই কাজগুলো করেছিল, তাদের কতটা ভূমিকা ছিল?’

আলোচনার এক পর্যায়ে তিনি দাবি করেন, জুলাই আন্দোলনের সময় বাংলাদেশ পুলিশের কাছে স্নাইপার ছিল না, পুলিশের কাছে স্নাইপার নেই।

আন্দোলনের নেতৃত্ব নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি। নিলোফার বলেন, ‘যাদের বলা হয় যে তারাই (আন্দোলনের) মেইন, এই আন্দোলনে কারা মেইন ছিল, কেউ জানে না। আন্দোলনে অংশ নেয়াদের একজন আরেকজনকে চেনে নাই। পাশে হাঁটতে গেছে, আন্দোলন করতে গেছে; পাশের একজন পড়ে গেছে। মনে করছে যে নরমাল পড়েছে। আসলে সে মারা গিয়েছে। গুলিটা সামনে থেকে আসছে না পেছন থেকে আসছে, সেটাও জানে না। গুলির কোনো শব্দ হয় নাই, এটা স্নাইপারের গুলি ছিল।’

উপস্থাপিকা প্রশ্ন করেন, তার মানে এটা কি কোনো ডিজাইন ছিল? ষড়যন্ত্র ছিল?

জবাবে মনি বলেন, ডিজাইন তো অবশ্যই ছিল। ষড়যন্ত্র কিনা আমি তা জানি না।

‘এটাও সত্যি যে, একটা মহাস্বৈরাচার থেকে দেশ উদ্ধার হয়েছে। শেখ হাসিনা যদি এত বড় স্বৈরাচার না হতো এটার দরকার ছিল না। কিন্তু এটা যে শুধু শুধুমাত্র যারা আন্দোলনে ছিল তাদের হাতেই ছিল, তা কিন্তু না।’

উপস্থাপিকা বলেন, কিন্তু যারা সাধারণ ছেলেমেয়ে, যারা আন্দোলনে আসলো তারা তো আর কিছু বুঝলো না। তারা তো প্রতিবাদের জন্য রাস্তায় নামলো।

তারা অনেকেই এসেছিলো কিছু না জেনেই। তারা একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে এসেছিল, আবেগে এসেছিল। তারা একজন আরেকজনকে চেনে না।

উপস্থাপিকা প্রশ্ন করেন, সেই ইমোশনটার সাথে কি প্রতারণা করা হয়নি?

ঢাকা কলেজ ছাত্রদলের এক নেতার বরাতে মনি বলেন, আন্দোলনে কেউ কাউকে চেনে। মারলো কারা তাও জানে না। সামনে কোনো পুলিশও ছিল না। পুলিশের গুলি হলেতো সামনেই হতো। হতে পারে কোনো বাসা থেকে টার্গেট করে, উপরতলা থেকে টার্গেট করে হয়তো গুলি করা হয়েছে। কিন্তু আমার নিজের কাছে অনেক প্রশ্নের উত্তর নাই। অনেক কিছু আমি স্টাডি করার চেষ্টা করেছি কিন্তু একটা জায়গায় যেয়ে আর উত্তর নাই।

নিলোফার চৌধুরী মনির এ বক্তব্যের তীব্র সমালোচনা করে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তার ফেসবুক পোস্টে লেখেন, ‘প্রিয় নিলোফার চৌধুরী মনি আপা, এমপি; আপনি দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সংগ্রামের সারথি ছিলেন। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আপনার অনবদ্য ভূমিকা রয়েছে। কিন্তু সম্প্রতি টেলিভিশন টকশোতে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে আপনার অযাচিত বক্তব্যে আমরা অত্যন্ত মর্মাহত ও ক্ষুব্ধ। আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম।’

নিলোফার চৌধুরী মনিকে উদ্দেশ করে ছাত্রদল সভাপতি আরও বলেন, ‘আমরা অবগত রয়েছি, আপনি জুলাইয়ের চেতনা ধারণকারী একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ। তাই জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে বক্তব্যে আপনি আরও বেশি সংযত ও শ্রদ্ধা প্রদর্শন করবেন, সেটাই প্রত্যাশা করি।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন