পাবনার ভাঙ্গুড়ায় নিষিদ্ধঘোষিত যুবলীগের নেতা রিপন সরকারকে (৪০) থানা থেকে ছাড়িয়ে নিয়েছেন গ্রামবাসী। শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
রিপন উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের (পাটুলিপাড়া) ১ নম্বর ওয়ার্ডের যুবলীগের সাবেক সভাপতি ও ওই গ্রামের হাবিবুর সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে ভাঙ্গুড়া থানা পুলিশ সন্দেহভাজন হিসেবে পাটুলিপাড়া গ্রাম থেকে রিপনকে আটক করে থানায় নিয়ে যায়। এরপর গ্রামের ৩ শতাধিক লোক থানার সামনে গিয়ে রিপনকে ছাড়াতে বিক্ষোভ করেন। এসময় পুলিশ বিক্ষোভকারীদের থানার সামনে থেকে সরিয়ে দেন।
এক পর্যায়ে বিক্ষোভকারীদের শীর্ষ কয়েকজনকে সঙ্গে নিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে আলোচনায় বসেন। পরে রিপন সরকারকে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
গ্রামের একটি সূত্র জানায়, টেবুনিয়া-বাঘাবাড়ী সড়কের ভাঙ্গুড়া উপজেলার পাটুলিপাড়া গ্রামে একটি ছোট্ট বাজার রয়েছে। সেই বাজারে ইউনুস সরকার নামের এক ব্যক্তির ঘর পাটুলিপাড়া গ্রামের বাসিন্দারা ভেঙে মাছের বাজার বসায়।
এ ঘটনায় ইউনুস সরকার আদালতে রিপনসহ গ্রামের বাসিন্দাদের আসামি করে মামলা দায়ের করেন। রিপন সরকারের আটকের সঙ্গে এই ঘটনার সংযোগ থাকতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, নিরপরাধ মানুষকে আটক করা মেনে নিতে পারেননি গ্রামের মানুষ। তাই দলমত নির্বিশেষে সবাই গ্রাম থেকে এসে বিক্ষোভ করেন। ফলে পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয়।
ভাঙ্গুড়া থানার ওসি সাকিউল আজম বলেন, সন্দেহভাজন হিসেবে রিপন সরকারকে আটক করা হয়েছিল। পরে গ্রামবাসীর জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।






