লালমনিরহাটের পাটগ্রামে প্রকাশ্য দিবালোকে দোকানে ঢুকে আমিনুর রহমান নামের এক ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে জেলা যুবদলের সাবেক এক নেতার বিরুদ্ধে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরের পর উপজেলার কলেজ মোড় এলাকার ‘তানভীর অটো ভলকানাইজিং পার্টস’ নামের প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে।
হামলার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। অভিযুক্ত লেবু মিয়া জেলা যুবদলের সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক এবং স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের খণ্ডকালীন গাড়িচালক হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে লেবু মিয়ার এক কর্মচারী ওই দোকানে বাকিতে গাড়ি মেরামত করতে যান। এ সময় বকেয়া টাকা দেওয়াকে কেন্দ্র করে দোকান মালিক আমিনুর রহমানের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। এ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লেবু মিয়া ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে ওই দোকানে প্রবেশ করেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা আমিনুর রহমানের ওপর অতর্কিত হামলা চালান এবং ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে রক্তাক্ত জখম করেন।
হামলায় গুরুতর আহত অবস্থায় দোকান মালিক আমিনুর রহমানকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে পাটগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা লেবু মিয়া হামলার অভিযোগ অস্বীকার করে দাবি করেন, আমি টাকা দিতে গেলে উল্টো আমার ওপরেই হামলা করা হয়েছে। একটি সামান্য ঘটনাকে বড় করে দেখানো হচ্ছে।
তবে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিয়েছে পুলিশ। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পুরো ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
বার্তা বাজার/এস এইচ






