দ্রুত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং সব গণহত্যার বিচারের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। বুধবার (৮ জুলাই) সকাল ১০টায় রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-এর মাল্টিপারপাস হলে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে জাতীয় সেমিনারে এ কথা বলেন তিনি।
লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, গত সাড়ে ১৭ বছরে দেশের মানুষ হত্যা, গুম, নির্যাতন, পঙ্গুত্ব ও রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছে। অনেকে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। জুলাইয়ের গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তন এসেছে, তা আল্লাহর পক্ষ থেকে জাতির জন্য একটি বড় সুযোগ বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহত, শহীদ ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোই ছিল সময়ের দাবি। কিন্তু কিছু রাজনৈতিক দলের সে দায়িত্ব পালনে অনিহাা দেখা যাচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, দেশের জনগণের সঙ্গে বারবার প্রতারণা করা হয়েছে। রাজনৈতিক দলগুলো সুবিধাজনক অবস্থানে পৌঁছানোর পর জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি ভুলে যায়। এতে রাজনীতির প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ন হয়।
জামায়াত আমির যোগ করেন, সংস্কারের প্রশ্নে আমাদের অবস্থান স্পষ্ট। দেশের রাজনীতিতে মৌলিক পরিবর্তন ও প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে হবে। জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে কোনও ধরনের বিশ্বাসঘাতকতা মেনে নেয়া হবে না এবং জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করা হবে।
তিনি সবাইকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, আইন নিজের হাতে তুলে নেয়ার পক্ষে তারা নন। তবে জনগণের রায় ও জুলাইয়ের চেতনাকে অসম্মান করার চেষ্টা করা হলে দেশের তরুণ সমাজ তা মেনে নেবে না।






