গোল্ডেন বুটের লড়াইয়ে মেসিকে পেছনে ফেলে আবারও শীর্ষস্থানে এমবাপ্পে
স্পোর্টস ডেস্ক : চলতি বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে মেসিকে পেছনে ফেলে আবারও শীর্ষস্থান দখলে নিয়েছেন ফরাসি তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে। মরক্কোর বিপক্ষে গোল করে মেসির সমান ৮ গোল হলেও অ্যাসিস্টে এগিয়ে রয়েছেন এই তারকা।
শুক্রবার (১০ জুলাই) বোস্টনে কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারায় ফ্রান্স। ম্যাচের ৬০তম মিনিটে বক্সের বাঁ প্রান্ত থেকে ভেতরে ঢুকে দুর্দান্ত কার্লিং শটে জাল খুঁজে নেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। এর ছয় মিনিট পর গোল করেন উসমান দেম্বেলে। যে গোলে অ্যাসিস্ট করেন এমবাপ্পে।
এদিকে মরক্কোর বিপক্ষে গোল পাওয়ায় এমবাপ্পের গোলের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে মেসির সমান ৮ গোলে। তবে অ্যাসিস্টের হিসেবে মেসির থেকে এগিয়ে রয়েছেন তিনি। ফরাসি এই তারকার মোট ৮টি গোল ও ৩টি অ্যাসিস্ট রয়েছে, অন্যদিকে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির রয়েছে ৮টি গোল ও ১টি অ্যাসিস্ট। এই কারণেই গোল্ডেন বুটের দৌডে শীর্ষস্থান দখলে নিয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।
গোল্ডেন বুটের লড়াইয়ে তৃতীয় স্থানে রয়েছেন নরওয়ের আর্লিং হালান্ড। তার গোলসংখ্যা ৭। শনিবার ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে নিজের গোলসংখ্যা বাড়ানোর সুযোগ থাকবে হালান্ডের। পরের দিন সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন মেসিও, ফলে গোল্ডেন বুটের প্রতিযোগিতা আরও জমে উঠেছে।
এদিকে মরক্কোর বিপক্ষে গোল করে আরেকটি বড় মাইলফলক স্পর্শ করেছেন এমবাপ্পে। বিশ্বকাপে এখন তার গোলসংখ্যা ২০, যা এসেছে মাত্র ২০ ম্যাচে। সর্বকালের বিশ্বকাপ গোলদাতার তালিকায় তিনি এখন লিওনেল মেসির (২১ গোল) ঠিক এক গোল পিছিয়ে।
ছয়টি বিশ্বকাপ মিলিয়ে ৩১ ম্যাচে ২১ গোল করে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন মেসি, যিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের পুরোনো রেকর্ড ভেঙেছিলেন। সেমিফাইনালে ফ্রান্স ও আর্জেন্টিনা উভয় দলই জিতলে, বিশ্বকাপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার গোল্ডেন বুটের লড়াই আরও জোরদার হয়ে উঠবে।






