বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াতে ইসলামীতে দলীয় লেজুড়বৃত্তির সুযোগ নেই। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য জামায়াতে ইসলামী দ্বীন কায়েমের আন্দোলনে শামিল হওয়ার দাওয়াত দিয়ে থাকে।
শুক্রবার (১০ জুলাই) জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মতিঝিল-শাহজাহানপুর অঞ্চলের রুকন শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার আরও বলেন, দ্বীন কায়েমের আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। এই ত্যাগ স্বীকার করা মুমিনের জন্য নামাজ, রোজা, হজ্জ, যাকাতের মতোই ফরজ।
উপস্থিত রুকনদের উদ্দেশ্যে তিনি বলেন, জামায়াতে ইসলামী দলীয় নিবন্ধনের আবেদন করলে নির্বাচন কমিশন রুকন শব্দ বাদ দিয়ে সদস্য লেখার প্রস্তাব করে। সদস্য আর রুকনের মধ্যে পার্থক্য তারা বুঝেনি। একজন রুকন আল্লাহর সঙ্গে শপথবদ্ধ। রুকনদের মর্যাদা ও সম্মান আল্লাহ দান করবেন।
ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, মতিঝিল-শাহজাহানপুর জোন পরিচালক শামছুর রহমানের সভাপতিত্বে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপে্লামা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষাশিবিরের বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন।






