আন্তর্জাতিকভাবে অস্বীকৃত সোমালিল্যান্ড অঞ্চলে একটি সামরিক ঘাঁটি তৈরি করছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথের কাছে অবস্থিত বারবেরা বিমানবন্দরকে এই সামরিক ঘাঁটিতে রূপান্তর করা হচ্ছে। আবুধাবি, তেল আবিব ও ওয়াশিংটনের সুবিধার জন্যই মূলত এই কাজ চলছে।
ফরাসি সংবাদপত্র ‘ল্য মোঁদ’-এর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনটির শিরোনাম ছিল-‘যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জন্য সোমালিল্যান্ডে গোপনে সামরিক ঘাঁটি তৈরি করছে ইউএই’।
সোমালিল্যান্ডের রাজধানী হারগেইসা। দেশটি এডেন উপসাগরের তীরে অবস্থিত। এটি বিশ্বের অন্যতম ব্যস্ততম একটি সামুদ্রিক রুট। অঞ্চলটির প্রায় ৮০০ কিলোমিটার দীর্ঘ উপকূলরেখা রয়েছে। অন্যদিকে এখানকার বারবেরা বন্দরটি কৌশলগতভাবে বাব আল-মান্দাব প্রণালির খুব কাছে অবস্থিত। এশিয়া ও ইউরোপের মধ্যে বৈশ্বিক বাণিজ্য এবং জ্বালানি সরবরাহের জন্য এই সমুদ্রপথটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। ১৯৯১ সালে সোমালিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করার পর থেকেই এই অঞ্চলটি আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিগুলোর নজর কেড়েছে। মিসরসহ আরব ও মুসলিম বিশ্বের তীব্র বিরোধিতা থাকা সত্ত্বেও ইসরাইল সোমালিল্যান্ডকে একটি স্বাধীন অঞ্চল হিসেবে স্বীকৃতি দিয়েছে।
ল্য মোঁদ তাদের প্রতিবেদনে আরো জানিয়েছে, ইসরাইল ও সোমালিল্যান্ডের মধ্যে সামরিক সহযোগিতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উভয় পক্ষের সামরিক ও গোয়েন্দা প্রতিনিধিদের মধ্যে নিয়মিত পারস্পরিক সফর চলছে। এছাড়া সোমালিল্যান্ডের সেনা কর্মকর্তাদের তেল আবিবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি ইসরাইলি সামরিক দলগুলো বারবেরা ঘাঁটিতে নিয়মিত পরিদর্শন করছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর
বার্তা বাজার/এস এইচ






