চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী নিয়ে তারা দুর্গত মানুষের সহায়তায় কাজ করছেন। শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিদিন উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় শত শত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছে।
শনিবার (১১ জুলাই) সহ গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়। চাকসুর নেতৃবৃন্দ, ছাত্রশিবির, ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের শিক্ষার্থীরা, যারা বাঁশখালীর বাসিন্দা, দুর্যোগের শুরু থেকেই স্থানীয় পানিবন্দী মানুষের সহায়তায় মাঠে নেমেছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আতাহার বলেন, “পানিবন্দী এলাকাগুলোতে আমাদের ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। আমরা চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, চানাচুর, মোমবাতি, গ্যাসলাইটার, বিশুদ্ধ খাবার পানি, স্যালাইনসহ বিভিন্ন প্রয়োজনীয় শুকনো খাবার দুর্গত মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।”
চবি শহিদ আবদুর রব হল সংসদের ভিপি মোহাম্মদ বুরহান উদ্দিন বলেন, “আমাদের বাঁশখালী আজ ভালো নেই। উপকূলীয় অঞ্চলের প্রায় শতভাগ বাড়িঘর পানির নিচে তলিয়ে গেছে। অনেক মানুষ অনাহারে দিন কাটাচ্ছেন। যাদের মাটির ঘর ছিল, সেগুলোর অধিকাংশই ধসে পড়েছে।”
তিনি আরও বলেন, “মানবিক সহায়তা হিসেবে সংগৃহীত অর্থ দিয়ে মা-বোনদের জন্য স্যানিটারি প্যাড, শিশুদের জন্য ডায়াপারসহ কয়েক লাখ টাকার ত্রাণসামগ্রী সংগ্রহ করা হয়েছে। নৌকার মাধ্যমে সেসব উপকূলীয় দুর্গত এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে।”
শিক্ষার্থীরা জানান, বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তাদের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠনকে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।
বার্তা বাজার/এস এইচ






