পঞ্চগড়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে শহিদ পরিবারের সদস্যদের উপঢৌকন দিয়েছে জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে দিবসটি উপলক্ষে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে আয়োজনে একটি র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড়ের জুলাই স্মৃতিস্তম্ভের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শহিদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধারা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে আহত জুলাই যোদ্ধাদের দ্রুত সুস্থতা ও সার্বিক কল্যাণ কামনা করেন।
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনে পঞ্চগড়ের চার শহিদ পরিবারের সদস্যদের হাতে উপঢৌকন হিসেবে শহিদ প্রতি নগদ পাঁচ হাজার টাকা তুলে দেন পঞ্চগড় জেলা জামায়াতের আমির মাওলানা মু. ইকবাল হোসাইন।
পঞ্চগড় জেলা জামায়াতের আমির মাওলানা মু. ইকবাল হোসাইন বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে অংশগ্রহণ করে দেশের বিভিন্ন স্থানে পঞ্চগড় জেলার পাঁচজন শহিদ হন। আমরা তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। জুলাই শহিদ দিবস উপলক্ষে আজ ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত চারজন শহিদ পরিবারের সদস্যদের হাতে উপঢৌকন হিসেবে শহিদপ্রতি পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে। তবে যেসব শহিদের স্ত্রী অন্যত্র বিয়ে করেছেন, কিন্তু শহিদের সন্তান ও বাবা-মা আলাদা থাকেন, সেসব ক্ষেত্রে পাঁচ হাজার টাকা ভাগ করে সন্তানপক্ষ ও বাবা-মাকে আড়াই হাজার টাকা করে দেওয়া হয়েছে। এছাড়া একজন শহিদের মা অসুস্থ থাকায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তাঁর উপঢৌকন বাড়িতে পৌঁছে দেওয়া হবে।
এ সময় পঞ্চগড় জেলা জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার বিপ্লব, এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক শিশির আসাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলা নেতাকর্মী, শহিদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।






