ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হেফাজতের আহ্বানে সাত দলের ইসলামী ঐক্যের ডাক

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৮:২৬ পিএম

হেফাজতের আহ্বানে সাত দলের ইসলামী ঐক্যের ডাক

হেফাজতে ইসলাম বাংলাদেশের আহ্বানে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাবুনগর মাদ্রাসায় কওমি ধারার সাতটি ইসলামী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সাতটি ইসলামী দলের মধ্যে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ইসলামী দলগুলোর পারস্পরিক সমন্বয়, জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং চলমান বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে অংশ নেওয়া নেতারা দেশের বিভিন্ন অঞ্চলে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন এবং সম্মিলিতভাবে ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেন।

বৈঠক শেষে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি সাজিদুর রহমান এক ভিডিও বার্তায় বলেন, জাতীয় স্বার্থ, ইসলামী শক্তির পারস্পরিক সহযোগিতা এবং মানবিক দায়িত্ব পালনের বিষয়গুলোকে সামনে রেখেই আলোচনা হয়েছে। তিনি বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

বৈঠক-সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, সাতটি ইসলামী দলের মধ্যে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার বিষয়ে নীতিগতভাবে ইতিবাচক আলোচনা হয়েছে। তবে ঐক্যের কাঠামো, রূপরেখা ও পরবর্তী কার্যক্রম নিয়ে আরও আলোচনা করে পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানানো হবে।

বৈঠকে আমন্ত্রণ পাওয়া সাতটি দল হলো: ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট এবং নেজামে ইসলাম পার্টি।

সংশ্লিষ্টরা জানান, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা কয়েকটি কওমি ঘরানার দলকে ওই জোট থেকে বেরিয়ে বৃহত্তর ইসলামী ঐক্যে সম্পৃক্ত হওয়ার বিষয়টিও আলোচনায় আসে। তবে এ বিষয়ে বৈঠক থেকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা লিখিত ঘোষণা না এলেও রূপরেখার আগে সাত দলের ঐক্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চলতি বছরের শুরু থেকেই ইসলামী দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্যের প্রশ্নে আলোচনা চলছিল। এর আগে বাবুনগরে হেফাজতের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের বৈঠকেও বিষয়টি আলোচনায় আসে।

বৈঠকে হেফাজতের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, মহাসচিব মুফতি সাজিদুর রহমান, সিনিয়র নায়েবে আমির মুফতি খলিল আহমদ কাসেমী, নায়েবে আমির মাওলানা জসিম উদ্দিন, মাওলানা সালাহউদ্দীন নানুপুরী, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মাহফুজুল হকসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমীসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা অংশ নেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন