পটুয়াখালীর বাউফল উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান এএনএম জাহাঙ্গীর হোসেনকে (৬০) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যার দিকে তাকে পটুয়াখালী ডিবি পুলিশের কার্যালয়ের সামনে থেকে গ্রেফতার করা হয়।
পটুয়াখালী ডিবি পুলিশের ওসি মো. মেহেদী হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জাহাঙ্গীর হোসেন বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক মেয়র জিয়াউল হক জুয়েল গ্রুপের সাংগঠনিক সম্পাদক। এর আগে তিনি আওয়ামী লীগ নেতা আসম ফিরোজ গ্রুপে ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে এমপি আসম ফিরোজ গ্রুপ থেকে বের হয়ে মেয়র জুয়েল গ্রুপে যোগ দেন।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাহাঙ্গীর হোসেন ডিবি কার্যালয়ের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বাউফল থানায় মামলা রয়েছে।
এ বিষয়ে বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, সম্প্রতি বিএনপির মিছিলে হামলার ঘটনায় দাসপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় জাহাঙ্গীর হোসেনকে ১ নম্বর আসামি করা হয়।






