দাম কমেছে ক্রিপ্টোকারেন্সি ও বিটকয়েনের
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ববাজারে চাহিদা কমে যাওয়ায় নিম্নমুখী রয়েছে ক্রিপ্টোকারেন্সির বাজার। সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল মুদ্রা বিটকয়েনের পাশাপাশি দাম কমেছে বাইন্যান্স ও সোলানারও। তবে এই প্রবণতার মধ্যেও শক্ত অবস্থান ধরে রেখেছে ইথার।
আন্তর্জাতিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকসের তথ্য অনুযায়ী, এক সপ্তাহে বিটকয়েনের দাম কমেছে ০.৮৫ শতাংশ। শুক্রবার (১৭ জুলাই) সকালে প্রতি বিটকয়েনের দাম দাঁড়িয়েছে ৬৩ হাজার ৫০৭ ডলার। আর এক বছর ব্যবধানে এর দাম কমেছে ৪৬ শতাংশ।
একই ধরনের চিত্র দেখা গেছে বাইন্যান্স কয়েনের বাজারেও। গত এক সপ্তাহে এর দাম কমেছে ০.৫৫ শতাংশ এবং এক মাসে কমেছে ১.১৬ শতাংশ। বর্তমানে প্রতি বাইন্যান্স কয়েনের দাম ৫৭২ ডলার।
দাম কমার তালিকায় রয়েছে সোলানাও। গত এক সপ্তাহে এর মূল্য কমেছে ৩.২১ শতাংশ। আর এক বছরে দাম কমেছে ৩৯ শতাংশের বেশি। বর্তমানে প্রতি সোলানার দাম ৭৫ ডলার।
তবে বাজারে কিছুটা ইতিবাচক অবস্থানে রয়েছে ইথার। গত এক সপ্তাহে এর দাম বেড়েছে ৩.২৫ শতাংশের বেশি। মাসের হিসাবে বেড়েছে ৮ শতাংশের বেশি। বর্তমানে প্রতি ইথারের দাম ১ হাজার ৮৫১ ডলার।






