রংপুর বিভাগের কয়েকটি জেলার শীর্ষস্থানীয় দলীয় নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে রংপুর বিভাগের সাংগঠনিক পরিস্থিতি, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং স্থানীয় সরকার ও উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এছাড়াও বৈঠকে রংপুর বিভাগের সংশ্লিষ্ট জেলাগুলোর শীর্ষস্থানীয় ও সিনিয়র নেতারা অংশ নেন। দেশের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক প্রেক্ষাপটে তৃণমূল পর্যায়কে আরও গতিশীল করতে এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দলীয় সূত্রে জানা গেছে।






