ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, সাম্প্রতিক হামলার পর ইরানের জনগণ আগের যেকোনো সময়ের তুলনায় আরও বেশি ঐক্যবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ হয়েছে। এসময় তিনি হরমুজগান প্রদেশে বেসামরিক অবকাঠামোতে হামলা এবং সাধারণ মানুষের প্রাণহানির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। খবর ইরনার।
শনিবার (১৮ জুলাই) বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হরমুজগানে নিহত ৮ জনের ছবি প্রকাশ করে বলেন, এভাবেই যুক্তরাষ্ট্র তার কথিত শক্তি প্রদর্শন করে বেসামরিক অবকাঠামোতে হামলা চালায় এবং নিরীহ মানুষকে হত্যা করে।
তিনি আরও অভিযোগ করেন, গত রাতে হরমুজগান প্রদেশে অবৈধ হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র সেতুগুলোকে লক্ষ্যবস্তু করেছে এবং ৪ নারীসহ ৮ নিরীহ ইরানিকে হত্যা করেছে। নিহতদের মধ্যে দুই প্রতিবন্ধী ভাইও ছিলেন।
বাঘাই বলেন, এই হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং একটি প্রকাশ্য যুদ্ধাপরাধ। ইরানের জনগণ এখন আগের চেয়ে অনেক বেশি দৃঢ়প্রতিজ্ঞ ও ঐক্যবদ্ধ। তারা তাদের প্রিয় মাতৃভূমির বিরুদ্ধে এই নৃশংস আগ্রাসনের জন্য শত্রুদের কঠোর মূল্য দিতে বাধ্য করবে।
এদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক মার্কিন হামলায় দেশটিতে অন্তত ৫০ জন নিহত এবং ৫০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।






